ককটেল ফাটিয়ে পালানোর সময় গ্রেপ্তার যুবক
রাজধানীর রূপনগর থানার প্রধান ফটকের সামনে গতকাল রোববার (৮ নভেম্বর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার করা যুবকের নাম মো. আশরাফুল ইসলাম (২৭)। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ককটেল পাওয়া গেছে।
গ্রেপ্তার আশরাফুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকায়। তিনি রাজধানীর রূপনগরের ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন। পেশায় তিনি প্রাইভেটকার চালক।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল জানায়, স্থানীয় জসীম নামের এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল রোববার দিনগত রাতে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে হাতেনাতে গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক