তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশা। তবে সকাল গড়িয়ে সূর্য ওঠার পর বদলে যাচ্ছে আবহাওয়া। দিনের বেলায় ঝলমলে রোদে অনুভূত হচ্ছে উষ্ণতা। দিন ও রাতের তাপমাত্রার এমন ওঠানামার মধ্যেই পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে, রোববার একই সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রোববার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে।
শীতের মৌসুম এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে তাপমাত্রা কমতে থাকায় পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় রোদের কারণে আবহাওয়া থাকছে অনেকটাই স্বাভাবিক।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করে। রাত যত বাড়ে, শীতের অনুভূতিও তত বাড়ে। ভোর পর্যন্ত কুয়াশা দেখা যায়। এ সময় অনেকেই শীতের পোশাক পরছেন। তবে দিনের বেলায় রোদের কারণে ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)