পঞ্চগড়ে সহস্রাধিক তালবীজ বপন স্বেচ্ছাসেবীদের
পঞ্চগড়ের দেবীগঞ্জে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় এক হাজারের বেশি তালবীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া ক্যানাল সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ক্যানাল সংলগ্ন বিভিন্ন স্থানে তালবীজ বপন করে। এর আগে বিভিন্ন বাড়ি থেকে তালবীজ সংগ্রহ করে কর্মসূচির জন্য প্রস্তুত করে স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের সভাপতি হাসান রায়হান বলেন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি কিছু করার সুযোগ তৈরি হয়। একটি গাছ লাগিয়ে সেটি মানুষের উপকারে আসার মতো অবস্থায় পৌঁছানোও সদকায়ে জারিয়ার একটি মাধ্যম হতে পারে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিবেশ রক্ষায়ও ধারাবাহিকভাবে আমরা কাজ করে যেতে চাই। এর আগে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ আমাদের কার্যক্রমকে গৌরবান্বিত করেছে।
সংগঠনের সদস্য ইয়াছিন আলী বলেন, তালবীজ সংগ্রহ থেকে শুরু করে বপন পর্যন্ত পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা আন্তরিকভাবে কাজ করেছে। সংগঠনটি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে যেতে চায়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)