নারীর কাছ থেকে ছিনতাই, ১৮ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩
চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার (৮ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গত ৫ নভেম্বর ভোর ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চাঁদপুর রেলস্টেশনে পৌঁছান। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মামলাটির ছায়া তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশকে দেন।
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই জহির উদ্দিনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালান। একপর্যায়ে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হোসেন চাঁদপুর শহরের শ্রমিক কলোনির বাসিন্দা। অন্যদিকে রাব্বি হোসেন শহরের জামতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে এক আসামির বোনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহিদ ওরফে গুরু জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। ঘাটের সিঁড়ির নিচে ও নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জাহিদ নিজেই দেখিয়ে দেওয়া স্থান থেকে স্বর্ণালংকারগুলো বের করে দেন।
উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট। এসব অলংকারের মোট ওজন প্রায় ১৮ ভরি।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর বলেন, এ ঘটনায় জড়িত তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর