আমদানি বন্ধ থাকলেও হিলিতে কমেছে পেঁয়াজের দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাঁচাবাজারে কেজিতে ৫ টাকা করে পেঁয়াজের দাম কমেছে। দুই দিনের ব্যবধানে মানভেদে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পরও দেশি পেঁয়াজ কম দামে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে বন্দরের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার বাজারে যে দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজ তা কমে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. মশিউর আলম বলেন, বর্তমানে বাজারের পেঁয়াজের দাম নিম্নমুখী। তিনি নাটোরসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকারি দরে পেঁয়াজ কিনে বিক্রি করেন। বাজারে পেঁয়াজের সরবরাহ ও উৎপাদন দুটোই বাড়ায় মানভেদে ৪৫ টাকা কেজির পেঁয়াজ ৪০ টাকা এবং ৪০ টাকা কেজির পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি করছেন। আগামীতে দাম আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজার করতে আসা ক্রেতা মো. নাজমুল হক বলেন, এবার দেশি পেঁয়াজের দাম নাগালের মধ্যেই রয়েছে। কিছুদিন আগে ৪৫ টাকা কেজিতে কিনলেও আজ তা ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
আরেক ক্রেতা দিনমজুর মো. লুৎফর রহমান বলেন, অন্যান্য কাঁচা তরিতরকারির চড়া দামের মাঝে শুধু পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে।
এদিকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. শহীদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও দেশে পেঁয়াজের দাম বাড়েনি। কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে চাষাবাদে প্রণোদনা দেওয়ায় দেশি পেঁয়াজের আবাদ বেড়েছে। ফলে এবার ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রয়োজন পড়েনি।

জাহিদুল ইসলাম, হিলি