হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ৭ নভেম্বর সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হচ্ছে। দিবসটিতে সরকারি ছুটি ঘোষণা করায় হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি ও পরিবহণ বন্ধ রয়েছে। আগামীকাল রোববার থেকে বন্দরটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো প্রভাব পড়েনি উল্লেখ করে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, যেকোনো উৎসব বা সরকারি ছুটিতেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকে। সেই মোতাবেক সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছেন। তাই স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাত্রী পারাপারে কোনো বাধা নেই।

জাহিদুল ইসলাম, হিলি