মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে পুকুরের মাছ চুরির অভিযোগে নাঈম হোসেন (১৩) নামে এক শিশুকে হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামের একটি পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। এর জেরে চুরির অভিযোগ এনে পুকুর মালিক সাখাওয়াত হোসেনসহ কয়েকজন শিশু নাঈমকে আটক করে। পরবর্তীতে তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয়।
ঘটনার পর বুধবার রাতে নির্যাতিত শিশুর বাবা ফয়জার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বোয়ালদাড় গ্রামের সাঈদ আলীর ছেলে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশাহ আলম বলেন, শিশু নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জাহিদুল ইসলাম, হিলি