সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়াল
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে (৫৭) গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান।
আবেদনে বলা হয়, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী সংলগ্ন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে একটি মিছিল বের হয়। সেখানে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে। মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ মামলায় তাকে অর্থ ও অন্যান্য মাধ্যমে সহায়তা প্রদানকারী (মদদদাতা) হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপরে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

আদালত প্রতিবেদক