সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পাঁচজন
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।
সাক্ষীদের জবানবন্দি রেকর্ড শেষে আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক। এ নিয়ে এই মামলায় ৪৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন—প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ সদর দপ্তরের এএসআই মো. আল আমিন এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক।
নথি থেকে জানা গেছে, গত ৮ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
পরে ২০২৪ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।

আদালত প্রতিবেদক