‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’, শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী
সাতক্ষীরার তালা উপজেলায় মো. হৃদয় (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে পরীক্ষার ফল নিয়ে হতাশার কথা লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে তার মৃত্যু হয়। পরে মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
চিরকুটে সে লিখেছে, আজকের ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বাবা-মা আমার জন্য তাদের নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। তবে গার্ডে থাকা স্যারের ভুলের জন্য আজ এমন হলো। আব্বু-আম্মু, আমাকে ক্ষমা করে দিয়ো।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করার প্রস্তুতি চলছে।

কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা(সদর-কলারোয়া তালা-ভোমরা স্থলবন্দর)