সাংবাদিক মো এহসান উদ্দিনকে প্রাণনাশের চেষ্টায় ডিআরইউ’র উদ্বেগ
"এখন" টেলিভিশনের চিফ রিপোর্টার মো. এহসান উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে তার উপর এ হামলা চালানো হয়। এ ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগে প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( ডিআরইউ)র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বিবৃতিতে তারা জানান, শুক্রবার রাতে কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার সময় রাজধানীর হাইকোর্ট এলাকায় সাংবাদিক এহসানের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। ধাক্কার পর গাড়ি থেকে ৩ যুবক নেমে আসেন। তারা দ্রুত মো. এহসান উদ্দিনকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হত্যার উদ্দেশ্যেই এ হামলা দাবি করে সাংবাদিক নেতারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
এ ঘটনায় সাংবাদিক এহসান আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত। তবে তার ব্যবহার করা মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গিয়েছে।
ঘটনার বর্ণণা দিয়ে মো এহসান উদ্দিনের সহকর্মীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে অফিস থেকে অন্য সহকর্মীদের নিয়ে গিয়ে আমরা তাকে উদ্ধার করি। তার গাড়িটি পাশ্ববর্তী গ্যারেজে নিয়ে যাওয়ার পর তাকে বাসায় পৌছে দিয়ে আসি।

এনটিভি অনলাইন ডেস্ক