ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক
ডিজিটাল সাংবাদিকতার জগতে নতুন প্রত্যাশা, পেশাগত উন্নয়ন আর সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কার্যনির্বাহী কমিটি। ২০২৬–২০২৮ মেয়াদের এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক।
সম্প্রতি রাজধানীর বনশ্রীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত হয় নতুন এই কমিটি। আগামী দুই বছর ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের বিকাশে কাজ করার দায়িত্ব পালন করবেন তাঁরা।
নতুন নেতৃত্বের সঙ্গে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোও ভাগ করে দেওয়া হয়েছে অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের মধ্যে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রুপালী বাংলাদেশের তামজিদ মির্জা, ডিবিসি নিউজের আরেসুল ইসলাম রাসেল এবং জাগো নিউজের পরান মাঝি।
সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সৈয়দ জাফরান হোসেন নূর। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাভিশনের মোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দূরবীন নিউজের মো. শামছুল আলম এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সদ্য সংবাদের মিঠুন দায়িত্ব পালন করবেন।
সংগঠনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সামলাবেন দীপ্ত টিভির মইন উদ্দিন রাতুল (অর্থ সম্পাদক) এবং দৈনিক যুগান্তরের রুহুল আমিন (সহ-অর্থ সম্পাদক)। দপ্তর সম্পাদক হয়েছেন টাইমস টুডের মেহেদী হাসান রনি। উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল ওয়ানের মারুফ হোসেন।
এদিকে আইনবিষয়ক সম্পাদক হয়েছেন গ্লোবাল টিভির আলাউদ্দিন আল আজাদ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন চ্যানেল ওয়ানের আলাউদ্দিন মিয়া। নারীবিষয়ক সম্পাদক হয়েছেন ভিওডি বাংলার নুরুন্নাহার চৌধুরী কলি। স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের আজাদ হোসেন।
প্রযুক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে সংগঠনের কার্যক্রম বিস্তারে আইসিটি সম্পাদক হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দ্য ডেইলি এলাইভের মোহাম্মদ আবদুল মজিদ সুজন। ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল আইয়ের আবু রায়হান ইফাত।
এ ছাড়া পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন এনপিবি নিউজের শিবলী আহমেদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে রয়েছেন দৈনিক ইত্তেফাকের ফখরুল ইসলাম, দৈনিক যুগান্তরের আবু সালেহ মুসা, টাইমস টুডের ওয়ালিউল হাসনাত, জাতীয় অর্থনীতির নুসরাত জাহান ঐশী, দৈনিক সময়ের কাগজের তাবারাক হোসাইন এবং এশিয়ান টেলিভিশনের আকাশ বিশ্বাস।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ডিএমএফের সামনে এখন নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের পালা। ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।

এনটিভি অনলাইন ডেস্ক