সাভারে দখল ঘিরে মাদ্রাসায় ভাঙচুর-লুটপাট
সাভারের আশুলিয়ার শ্রীপুরে তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল মাদ্রাসায় দখলকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুরের ওই মাদ্রাসায় লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দখলকারী। খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাদ্রাসার উপপরিচালক (প্রশাসন) ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সৈয়দ সানজিদ অভিযোগ করে বলেন, ইমাম হাসান ও ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা করেন। হামলাকারীরা মাদ্রাসার অফিস কক্ষে ভাঙচুর চালান। এ সময় কম্পিউটার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
সৈয়দ সানজিদ আরও বলেন, ইমাম হাসান মাদ্রাসার সামনে ট্রাস্টের জায়গায় মহাসড়কের পাশে নির্মিত একটি মার্কেট জোর করে দখল করেছিলেন। সম্প্রতি তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়।
তবে সৈয়দ সানজিদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, আমি মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হলেও সেখানে আমি যেতে পারি না।
এর আগে বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে মাদ্রাসায় হামলা হয়েছিল বলেও অভিযোগ করেন সানজিদ। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আশুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিচালনা পর্ষদের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জাহিদুর রহমান