ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে। সেন্টার দুটি স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, পদক্ষেপ ও আনুমানিক ব্যয় নির্ধারণে চলতি সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
চলতি অর্থবছরের মধ্যেই সরকার এ উদ্যোগের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। চলতি বছর এ সংকট আরও বাড়তে পারে। এ ঘাটতি মোকাবিলায় সরকার দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক সরঞ্জাম ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশজুড়ে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এসব কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।
আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপরও জোর দেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজনীয়তাও তুলে ধরেন ড. জিয়াউদ্দিন।
পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘মোর কমন দেন ইউ থিংক’।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. মো. নুরুদ্দীন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)