ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বলেন, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথে রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আব্দুল বাতেন আরও বলেন, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া