নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নওগাঁর নিয়ামতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম ওরফে নুর সালাম (২৫) নামের দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে ও নুরুল ইসলাম ওরফে নূর সালাম একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী রাস্তা দিয়ে যাওয়ার সময় সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক নিহত হন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দাফনের জন্য রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ