মেঘনায় ঝড়ে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়েশা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তাঁর মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিখোঁজ চারজন হলেন হেলাল মিয়া (৫৪), ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)।
স্থানীয়রা জানায়, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়ার শাহপরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ স্বজন একটি ট্রলারে করে রওনা হন। তাদের সঙ্গে বিয়ের বাজার, দুটি গরু ও একটি খাসিও ছিল। পথে সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে আটজনকে উদ্ধার করে। রায়েশা বেগম, হেলালউদ্দিন, সজিব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেন নিখোঁজ হন। পরে রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও বাকি চারজনের সন্ধান মেলেনি।
নিখোঁজ চারজনকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালায়।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নামেন। সন্ধ্যা নেমে আসায় ডুবুরিদলের সদস্যরা কাজ করতে পারছেন না। রাতের মধ্যে সন্ধান না পেলে সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হবে।
বৈদ্যেরবাজার নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক শাহ কামাল জানান, মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গরু, খাসি ও বিয়ের বাজার নিয়ে তারা আসছিলেন। হঠ্যাৎ মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে যায়।
নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ আরও বলেন, রাতের মধ্যে সন্ধান না পেলে আগামীকাল সকাল থেকে আবার তাদের উদ্ধারে অভিযান শুরু হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)