ভুয়া জন্মসনদ নিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা
জাল কাগজপত্রে জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদন করতে গিয়ে তথ্য ও কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় এই ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গা তরুণীর নাম কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং অপরজনের নাম রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। আটক অন্য দুজন হলেন পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ নভেম্বর কাউসার ও তার বাবা পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে কাউসার বিবির নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগও উঠেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে কুতুপালং আশ্রয়শিবির থেকে এখানে এসেছেন।
পাসপোর্ট কার্যালয়ে আবেদন করার পর কাউসারের কথাবার্তা ও দাখিল করা কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। পরে ইউএনওর নির্দেশে চারজনকে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ শুক্রবার দুপুরে বলেন, দুই বিদেশি নাগরিক ও উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভজন দাস, নেত্রকোনা