অপ্রিতম হত্যাকাণ্ড : আদালতে ৩ আসামির স্বীকারোক্তি
কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তিন আসামি। আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে তুহিন, ফাহাদ ও কামরুল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
আদালত পরিদর্শক সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত পরিদর্শক সাদিকুর রহমান বলেন, জবানবন্দিতে তারা তিন আসামিই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। অপ্রতিম তার হাতের আইফোনটি দিতে রাজি না হওয়ায় প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তারা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এরপর বাঁশ দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। তিন আসামিই আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে হত্যার দায় স্বীকার করেছে।
এর আগে রাত ৮টার দিকে তাদের আদালতের সোপর্দ করে ডিবি পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে রাত পৌনে ৯টায় তাদের কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়। আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করে ঘাতকরা। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা