ফ্লাইটে বিমানবালার শ্লীলতাহানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড
মদ্যপ অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমানবালার শ্লীলতাহানির অপরাধে সিঙ্গাপুরে এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)।
গত ২৩ নভেম্বর তাকে সাজা দেন আদালত। দণ্ডের মেয়াদ দুই মাস ও আট সপ্তাহ। শ্লীলতাহানি ও সরকারি কর্মচারীর ওপর বলপ্রয়োগের অভিযোগে দোষ স্বীকার করেছেন তিনি। খবর স্ট্রেইট টাইমসের।
আদালতের নথি অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে। ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় ফ্লাইটের আসনে বসে ছিলেন তিনি। তখন ২৬ বছর বয়সী এক বিমানবালার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। তবে কোন স্থান থেকে তিনি ফ্লাইটে উঠেছিলেন, তা নথিতে উল্লেখ নেই।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো জানান, ঘটনাটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে ক্ষুব্ধ ও বিচলিত হন বিমানবালা। তিনি ইয়ামিনকে স্পর্শ করতে নিষেধ করেন। জবাবে ইয়ামিন কোনো কথা না বলে হেসে ওঠেন। বিমানবালা বিষয়টি এক সহকর্মীকে জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ওইদিন সকালে চাঙ্গি বিমানবন্দরে নামে ফ্লাইটটি। তখনই ইয়ামিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি পান ইয়ামিন। তবে গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে আবারও নেশাগ্রস্ত অবস্থায় ধরা পড়েন। লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় ছিলেন তিনি। সে সময় দেয়ালে হেলান দিয়ে অসংলগ্নভাবে চিৎকার ও কান্নাকাটি করছিলেন। তার নাক দিয়ে রক্তও পড়ছিল। প্যারামেডিকস কর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু তিনি সহযোগিতা করেননি। মাটিতে গড়াগড়ি খেয়ে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট না পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এক পুলিশ কর্মকর্তা তার পা চেপে ধরে রেখেছিলেন। ওই পুলিশ কর্মকর্তার গায়ে থুতু দেন ইয়ামিন।

এনটিভি অনলাইন ডেস্ক