হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন
কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলায় নিযুক্ত এপিপি অ্যাডভোকেট রহম আলী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকায় অবস্থিত কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন আসামি শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাকে ডেকে বাইরে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখানে পাওয়া যায় তার গলাকাটা মরদেহ।
এ ঘটনায় নিহতের স্ত্রী মদিনা আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করে জড়িত তিন আসামিকে শনাক্ত করে অভিযোগপত্র প্রদান করে। আর্থিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে জানা যায়।
আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ ও অ্যাডভোকেট তানিয়া আক্তার মামলা পরিচালনা করেন।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ