১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলনেতার আত্মসমর্পণ
নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান পলাতক আসামি ও সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলনেতা মোহন তালুকদার (২৫) অবশেষে থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১৯ জুন) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
গ্রেপ্তার মোহন তালুকদার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
থানায় আত্মসমর্পণের সময় মোহন তালুকদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যটা বের হয়ে আসবে বলে আমি আশা করছি।
মামলার এজাহার, আদালত ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন এবং মা স্থানীয় বাসাবাড়িতে কাজ করে তিন মেয়েকে নিয়ে সংসার চালান। ধর্ষণের শিকার শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধী।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ ডিসেম্বর দুপুরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে ঘরে শিশুটি ও তার দুই ছোট বোন একা ছিল। এই সুযোগে প্রতিবেশী মোহন তালুকদার ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলা এবং সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ায় ভয়ে শিশুটি দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে চলতি বছরের ১২ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং তার শারীরিক গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ধর্ষণের বিষয়টি খুলে বলে।
এরপরের দিনগুলোতে স্থানীয় দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাফি করালে রিপোর্টে শিশুটির গর্ভধারণের তথ্য নিশ্চিত হওয়া যায়। বর্তমানে ওই শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত ১৫ মার্চ তারা আইনি সহায়তার জন্য মোহনগঞ্জ থানায় গেলে পুলিশ তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে শিশুটির মা বাদী হয়ে গত ২৮ এপ্রিল নেত্রকোনা আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মোহনগঞ্জ থানাকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দিলে গত ২ মে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
আজ শনিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের পাশাপাশি গত কয়েকদিন ধরে মোহন তালুকদারের পরিবারকে আইনি প্রক্রিয়া মেনে আত্মসমর্পণের জন্য আমরা কাউন্সিলিং করি। এরই প্রেক্ষিতে তিনি রাতে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ আইনি প্রক্রিয়া ও যথাযথ পুলিশি পাহারা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভজন দাস, নেত্রকোনা