বিষমুক্ত কৃষি ও পেঁয়াজ বীজ উৎপাদনের উদ্যোগ
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের সানাপাড়া গ্রামে আনসার প্লাটুন কমান্ডার মো. ইয়াছিন আলীর নিজ বাড়ির উঠানে গ্রীষ্মকালীন পেঁয়াজের ‘এন-৫৩’ জাতের বীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদনের এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন তিনি।
ইয়াছিন আলী নিজ বাড়িতেই তৈরি করছেন পরিবেশবান্ধব জৈব সার, জৈব কীটনাশক ও ছত্রাকনাশক। কেমিক্যালমুক্ত এসব উপাদান ব্যবহার করে তিনি ধান, পাট, কলা ও শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য সফলভাবে উৎপাদন করছেন।
ইয়াছিন আলী বলেন, রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে বিষমুক্ত ফসল উৎপাদন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের চাহিদা মেটাতেই তার এই প্রচেষ্টা। উৎপাদিত চারা দিয়ে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি তা স্থানীয় কৃষকদের মাঝেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ রোপণ কার্যক্রম তদারকি করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী। তিনি বলেন, বাহিনীর সদস্যদের এমন স্বাবলম্বী কৃষি উদ্যোগে অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এন-৫৩’ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ অত্যন্ত সম্ভাবনাময়। ইয়াছিন আলীর জৈব প্রযুক্তিভিত্তিক এই চাষাবাদ পদ্ধতি অন্যান্য কৃষকদেরও আধুনিক ও বিষমুক্ত কৃষিতে অনুপ্রাণিত করবে। কৃষি বিভাগ থেকে তাঁকে সব ধরনের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বীজ রোপণ কাজে সহযোগিতা করেন। এ সময় সাতবাড়িয়া ইউনিয়ন দলনেতা তালিব হুসাইন, সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসিনা বেগমসহ স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)