গুলশান ইয়ুথ ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৬ এর সমন্বয় সভা অনুষ্ঠিত
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত বহুপ্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট — সিজন ২ উপলক্ষে গতকাল সোমবার (১৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকার শেরাটন ঢাকা বানানী এর ১৪তম তলার এরিয়াল হলে একটি জমকালো সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে।
এবারের আসরে দেশের স্বনামধন্য ২১টি ক্লাবের প্রায় ১০০০ জন ক্রীড়াবিদ মোট ১৪টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করবেন।
ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন। অংশগ্রহণকারী ক্লাবগুলোর তালিকায় রয়েছে অল কমিউনিটি ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, বাঘা ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, নর্ডিক ক্লাব, ক্লাব শাহীন লিমিটেড, সেইন্টস ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব এবং গুলশান ক্লাব লিমিটেড।
সমন্বয় সভায় গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল) এবং সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির সদস্য ইফফাত আমবারিন (জয়া), ভাইস চেয়ারম্যান আমীর আলী মোস্তফা, স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ক্লাবসমূহের সম্মানিত চিফ কো-অর্ডিনেটর ও অফিস কো-অর্ডিনেটরবৃন্দ এবং গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬-এর কনভেনর ও কো-কনভেনরবৃন্দ।
সভায় গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার এবং ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট — সিজন ২ সফলভাবে আয়োজনে অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অংশগ্রহণকারী সকল ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সকল ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক