টিকটকে ভিডিও পোস্ট : বাংলাদেশি যুবককে ফেরত পাঠাল গ্রিস
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও পোস্ট করে অবৈধভাবে গ্রিসে আসার আহ্বান জানানো এক বাংলাদেশি তরুণসহ ৫০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস সরকার। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি তদারকিতে কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে এই বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গ্রিসের জনপ্রিয় গণমাধ্যম ‘প্রোতোতেমার’ প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মূল ঘটনাটি শুরু হয় গত গ্রীষ্মের মাঝামাঝি সময়ে। বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা ২৭ বছর বয়সী হাসান নামের ওই তরুণ নাফপ্লিও শহরে বসে একটি টিকটক ভিডিও তৈরি করেন।
ভিডিওতে ওই বাংলাদেশি তরুণ অন্যান্য দেশের অননুমোদিত অভিবাসীদের বৈধ কাগজপত্র ছাড়াই নাফপ্লিও শহরে আসার জন্য উৎসাহিত করেন। তিনি ভিডিওটিতে দাবি করেন, এই শহরে কাজের প্রচুর সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, বৈধ নথিপত্র না থাকা সত্ত্বেও স্থানীয় পুলিশ সেখানে সহজে কাউকে গ্রেপ্তার করে না কিংবা আইনি ঝামেলায় ফেলে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্ক তৈরি করে। পরবর্তীতে ভিডিওটি গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে আসে। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন।
বিষয়টি জানার পরই হেলেনিক পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই বাংলাদেশি তরুণকে নাফপ্লিও এলাকা থেকে শনাক্ত ও গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু করা হয়।
ঘটনার পর গত ২৬ জুন ওই বাংলাদেশি তরুণের আগে থাকা সাময়িক আবেদনের নথিপত্র ও রেসিডেন্স পারমিট বাতিল করা হয়। তিনি গ্রিসে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন। তবে তার প্রথম ও দ্বিতীয় আবেদনের পর তৃতীয়বারের মতো করা চূড়ান্ত আশ্রয় আবেদনটিও দেশের আদালত বাতিল করে দেয়।
একটি মানবাধিকার সংস্থার নিয়োজিত আইনজীবীরা তার পক্ষে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দেশের আইন শৃঙ্খলা ও অভিবাসন নীতি লঙ্ঘনের কারণে আদালত সমস্ত আপিল আবেদন পুরোপুরি খারিজ করে দেয়। আদালতের এই আদেশের পর তার গ্রিসে থাকার সমস্ত আইনি পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আইনি প্রক্রিয়া শেষে গ্রিক প্রশাসন বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়নে নেমে পড়ে। একটি বিশেষ চার্টার্ড বিমান প্রস্তুত করা হয়। এই বিমানের মাধ্যমে ওই বাংলাদেশি তরুণসহ বাংলাদেশ এবং পাকিস্তানের মোট ৫০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানো হয়।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী থানোস প্লেভরিস এ বিষয়ে সরকারের শক্ত অবস্থানের কথা জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য দেওয়া বা অবৈধ অভিবাসনে প্ররোচিত করার বিষয়টি কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সরকার সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক