ছিনতাইকালে মুদি দোকানিকে হত্যা, এক আসামির যাবজ্জীবন
রাজধানীর বংশালে মুদি দোকানি আব্দুল কুদ্দুসকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় মাসুম মিয়া ওরফে কালু নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাসেম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ মামলার আরেক আসামি মো. ইউনূস মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
বিচারক তার রায়ে আসামি মাসুম মিয়া ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোরে কামরাঙ্গীরচর এলাকা থেকে কয়েকটি ব্যাগে খাবার ও কাপড় নিয়ে গ্রামের বাড়ি নোয়াখালীর উদ্দেশে রওনা হন মুদি দোকানি আব্দুল কুদ্দুস। পথে বংশাল থানার সিদ্দিকবাজার এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি তার রিকশার গতিরোধ করে। এ সময় তারা আব্দুল কুদ্দুসের সঙ্গে থাকা মালামাল ও টাকা-পয়সা দিতে বলে। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ১০ নভেম্বর মামলার তদন্ত শেষে দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বংশাল থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম।

আদালত প্রতিবেদক