রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শালিসের ভিডিও ভাইরাল
নেত্রকোনার সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে শালিসে স্থানীয় মাতব্বররা পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। পাশাপাশি তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শালিসের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার রাতে উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাজারে এ শালিস অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মাতব্বররা উপস্থিত ছিলেন। তবে আজ সকাল থেকেই রিপন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।
খবর পেয়ে আজ দুপুরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রিপন মিয়া সদর উপজেলার নন্দুরা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী ওই কিশোরী দীর্ঘদিন ধরে কন্টেন্ট ক্রিয়েটের কাজে রিপন মিয়ার সহযোগী হিসেবে ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে জড়ান রিপন। কয়েকদিন আগে ওই কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রিপনকে দেখে এলাকার কয়েকজন। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল সোমবার রাতে স্থানীয় বাজারে শালিসে বসে মাতব্বররা। ভুক্তভোগীর ভবিষৎ নিরাপত্তা বিবেচনায় রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়। অন্যথায়, রিপনের বাড়িটি ওই কিশোরীর নামে লিখে দিতে বলা হয়েছে। পাশাপাশি রিপনকে এলাকা ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়।
শালিসে উপস্থিত থাকা স্থানীয় মাতব্বর মুখলেছুর রহমান দৌলত বলেন, ওই শালিসে আমি তেমন কিছু বলিনি। রিপন মিয়ার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে ওই শালিস বসেছিল। রিপন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে ওই কিশোরীর ভবিষ্যৎ বিবেচনায় তাকে পাঁচ লাখ টাকা দিতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায়, রিপনের বাড়ি ওই কিশোরীকে লিখে দিতে বলা হয়েছে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, শালিসে উপস্থিত লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গেও কথা বলব। পরে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যেমনটা প্রচার হয়েছে, এমন ঘটনায় আইনি প্রক্রিয়া ছাড়া শালিসের মাধ্যমে মীমাংসার কোনো সুযোগ নেই।

ভজন দাস, নেত্রকোনা