নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনে ইউএনওর দাপ্তরিক কক্ষে এই আগুন লাগে।
স্থানীয়রা জানান, খালিয়াজুরীতে ফায়ার স্টেশনের কার্যক্রম না থাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা দ্বিতীয় তলায় তার অফিস কক্ষে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বাসা থেকে এসে তিনি দেখতে পান কক্ষে আগুন জ্বলছে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও বলেন, দোতলার কার্যালয়ে ওঠার জন্য নিচতলার প্রবেশপথে বাইরে থেকে তালা লাগানো ছিল এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। ফলে প্রাথমিকভাবে এটি কোনো নাশকতামূলক ঘটনা নয় বলেই মনে হচ্ছে। কোনো বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, নিরাপত্তা কর্মীদের কাছ থেকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের সব ফটক বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হলেও বিষয়টি পুরোপুরি তদন্ত করে দেখা হচ্ছে।

ভজন দাস, নেত্রকোনা