ব্যবসায়ীর কান কামড়ে জখম করলেন বিএনপি নেতা
নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কামড় দিয়ে কানে জখম করার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে নীলা-ফোলা জখম রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেল নিয়ে এসে তাকে রাস্তা থেকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে দীর্ঘ এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬ থেকে ৭ জন লোক তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকে।
একপর্যায়ে ওই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসানো হলো- এই কৈফিয়ত চেয়ে তার কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে। এতে তার কানের একটি অংশ ছিঁড়ে যায়। পরে দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা মহিউদ্দিন বলেন, সকালে ড. আব্দুল মঈন খানের প্রোগ্রাম রয়েছে, আমি ঘুমাতে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, গতকাল সন্ধ্যার পর রোগীর কানে চারটি সেলাই দিতে হয়েছে। তিনি এখন আমাদের পর্যবেক্ষণে আছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী