ঝুঁকিপূর্ণ সাঁকো আর নৌকাই ভরসা ৫০ হাজার মানুষের
নরসিংদীর মেঘনা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের প্রায় ৫০ হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো আর বর্ষায় নৌকায় পারাপারই তাদের একমাত্র ভরসা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীবেষ্টিত আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের এক পাশে মেঘনা নদী, অন্য পাশে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা গ্রাম। দুই গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ। আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষও এই পথ ব্যবহার করেন।
স্থায়ী সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাঁশ-কাঠের সাঁকো এবং বর্ষায় নৌকায় নদী পার হতে হয়। প্রতিদিন প্রায় এক হাজার শিক্ষার্থী নদী পেরিয়ে মনিপুরা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। নৌকার জন্য অপেক্ষা, বৈরী আবহাওয়া ও নদীর ঢেউয়ের কারণে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় তাদের।
স্থানীয়দের অভিযোগ, শুধু শিক্ষাই নয়, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহণ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত যাতায়াত করা কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর মনিপুরা-খোদাদিলা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী