বিএনপি নেতাকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের একটি দোকানে বসে থাকা অবস্থায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
নিহত শেখ জাকির হোসেন বাহিরদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাহিরদিয়া এলাকার একটি দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা