ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িসহ তিনটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার থানা মোড় এলাকায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের অনুসারীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় দুই নেতা ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। এ সময় নিচে অবস্থানরত তাদের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষ চলাকালে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত গাড়িসহ মোট তিনটি গাড়ি এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এমপির গাড়ি, নুরুল ইসলাম নবাবের গাড়িসহ তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)