সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়, দ্রুত ব্যবস্থার নির্দেশ স্পিকারের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের আক্রমণ অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর বিষয় উল্লেখ করে তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হামলার বিষয়টি উপস্থাপন করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ নির্দেশনা দেন।
আরও পড়ুন : নুসরাত তাবাসসুম হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
নাহিদ ইসলাম পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া ও তদন্তের আগেই স্থানীয় থানার ওসির মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংসদ সদস্যদের ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্য শেষে রুলিং ও নির্দেশনা দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ একটি গুরুতর ও স্পর্শকাতর ঘটনা। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
স্পিকার অধিবেশন কক্ষে উপস্থিত সরকারি দল (ট্রেজারি বেঞ্চ) ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও যথাযথ প্রতিবিধান নিশ্চিত করতে হবে।
এর আগে অধিবেশনের শুরুতে নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়ালে স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়েছিলেন। তবে বিষয়টির গুরুত্ব ও জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিরোধীদলীয় চিফ হুইপকে বক্তব্য রাখার সুযোগ দেন।

নিজস্ব প্রতিবেদক