স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসায়ী দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ জুন) দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য জানান।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন—আসিফ (২৬), আশিক (৩৫) ও ইমন (১৯)। তারা সবাই কাঁটাবিল এলাকার বাসিন্দা। ওসি জানান, ইথানের বাবা ইউনুস মিয়ার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল ও আজ তাদের আটক করা হয়। পরে আদালতে পাঠানো হবে।
ওসি আরও জানান, এর আগে একই মামলায় শ্রাবণ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শ্রাবণ ‘সব্বির গ্রুপ’-এর সদস্য, আর নতুন করে গ্রেপ্তার হওয়া তিনজন ‘অপু গ্রুপ’-এর সদস্য। এই দুই গ্রুপের সংঘর্ষের জেরেই ইথান গুলিবিদ্ধ হয়।
গত ২৪ জুন রাতে কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসা নিয়ে অপু গ্রুপ ও সব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে পরের দিন সকালে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাঁটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী মানববন্ধন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানববন্ধন চলাকালে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়।
বর্তমানে ইথান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার ফুসফুসে গুলি লেগেছে। টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়। ইথানের বাবা ইউনুস মিয়া নগরীর সিটি পার্কের কর্মচারী।

মাহফুজ নান্টু, কুমিল্লা