মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকায় মসজিদে তাবলীগ জামায়াতের মুসুল্লিদের মোবাইলফোন চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত শাহাদাৎ একই এলাকার শামসুল হকের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ