৬ বছরের শিশু হত্যা, মারা গেলেন জখম বাবাও
মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের হামলায় তওবা নামে ছয় বছরের এক শিশু নিহতের পর গুরুতর জখম বাবা গোলাপ হোসেনও (৩৮) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে একই দিন সকাল ৯টার দিকে সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ছয় বছরের মেয়ে তওবাকে নিয়ে রামকৃষ্ণদী এলাকার ইটভাটায় বাবার সঙ্গে দেখা করতে যান গোলাপ হোসেন। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা শিশু তওবা ও তার বাবাকে কুপিয়ে জখম করে এবং শিশুটির মরদেহ ইটভাটার কাছে ফেলে রেখে যায়।
পরে গুরুতর জখম অবস্থায় গোলাপ হোসেনকে উদ্ধার করে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্বদেশ হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলার কারণ ও এর সঙ্গে জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ