৮ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি এক পরীক্ষার্থীকে
দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাউশগাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষক রয়েছেন আটজন। অথচ এবার এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। কিন্তু সেই একজনও পাস করতে পারেননি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাউশগাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এবার মানবিক বিভাগে মাত্র একজন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে তিনি অকৃতকার্য হয়েছেন। অথচ প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষক রয়েছেন আটজন।
পাউশগাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমোদন পায়। এরপর উচ্চমাধ্যমিক শাখায় আটজন শিক্ষক যোগ দেন। তবে দীর্ঘ এক যুগের বেশি সময় পার হলেও সম্প্রতি শিক্ষকদের অনেকেই নিয়মিত পাঠদানে আসেন না।
হাকিমপুর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার প্রামাণিক বলেন, হাকিমপুর উপজেলার পাউশগাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাত্র তিনজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন, যা হতাশাজনক। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদুল ইসলাম, হিলি