বিপাকে ভাড়াটিয়ারা, বাসা খালি করতে কেন হঠাৎ নোটিশ?
সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দকৃত বাসায় সাবলেট বা ভাড়ায় বসবাসকারী অনেক মানুষ চরম বিপাকে পড়েছেন। অত্যন্ত অল্প সময়ের নোটিশে তাদেরকে বাসা ছেড়ে দিতে বলা হয়। অধিকাংশ ভাড়াটিয়ারা জানান, তারা মাত্র ৩ থেকে ১০ দিনের মধ্যে—বাসা খালি করার নির্দেশ পান। হঠাৎ বাসা ছেড়ে দেওয়ার নোটিশ পেয়ে নতুন বাসা খুঁজতে নেমে দিশেহারা হয়ে পড়েন তারা।
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার (যা আজিমপুর সরকারি কলোনি নামেও পরিচিত) এমন ভাড়ার বিনিময়ে সাবলেট থাকা বাসিন্দাদের অন্যতম কেন্দ্র। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি আবাসন পরিদপ্তরের জারি করা এক আদেশের ফলে শত শত মানুষ এমন ভোগান্তির মুখে পড়েছেন।
ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও চাকরিজীবী। তাদের ভাষ্যমতে, হঠাৎ বাসা ছাড়ার এই নির্দেশ তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে; পড়াশোনা বা চাকরির পাশাপাশি এখন তাদের নতুন বাসার খোঁজ করতে হচ্ছে। অনেকের জন্যই এত অল্প সময়ের মধ্যে উপযুক্ত বাসা খুঁজে বের করা এবং স্থানান্তরিত হওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সাদিয়া নামে একজন ভাড়াটিয়া জানান, তিনি গত তিন মাস ধরে আজিমপুরের এই কোয়ার্টারে বসবাস করছেন, কিন্তু হঠাৎ বাসা ছাড়ার নির্দেশ আসায় তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি আবাসন পরিদপ্তর গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বিষয়ে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে, যাতে স্বাক্ষর করেছেন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিদপ্তরের পরিদর্শন দলের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তাদের নামে বরাদ্দকৃত বাসার এক বা একাধিক কক্ষ, এমনকি পুরো বাড়ি বা ফ্ল্যাট অন্য কারো কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড ‘বাংলাদেশ অ্যালোটমেন্ট রুলস, ১৯৮২’ (বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২)-এর পরিপন্থী।
তাই বরাদ্দপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন তাদের বরাদ্দকৃত বাসভবনের কোনো অংশ সাবলেট বা ভাড়া না দেন। যেসব ক্ষেত্রে ইতোমধ্যে এমনটি করা হয়েছে, সেসব ক্ষেত্রে ভাড়াটিয়া বা সাবলেট গ্রহীতাকে ৩১ অক্টোবরের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে এবং বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই তার নামে বরাদ্দকৃত বাসায় নিজে বসবাস করতে হবে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)