মুন্সীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরের পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম তার ভাই মহসিন মোল্লার ছেলে।
শিশু দুটির পরিবার জানায়, প্রায় দুই মাস আগে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নতুন পুকুর খনন করে তার পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। আজ সকালের দিকে দুই শিশু সেখানে খেলতে গিয়ে অসাবধানবশত ঘাটে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় সন্ধান না পেয়ে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান-শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, শিশুদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ