কুড়িগ্রামে ধানের গোলায় মিলল ভারতীয় প্রসাধনী
পুলিশের চোখকে ফাঁকি দিতে ধানের গোলায় ধানের পরিবর্তে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল ভারতীয় প্রসাধনী। এতো কিছু করেও চোরাকারবারির শেষ রক্ষা হয়নি। চোরাইপথে আনা এসব অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুরের ঝাউকুঠি এলাকার জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির গোলাঘর থেকে এসব জব্দ করা হয়।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার এসআই মিন্টু মিয়া পুলিশের একটি দল নিয়ে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন কচাকাটা থানার দুর্গম নারায়ণপুর ইউনিয়নের ঝউকুঠি এলাকায় অভিযান চালায়। এসময় ঝাউকুঠির জহুরুল ইসলামের বসতবাড়ির ধানের গোলায় বিপুল ভারতীয় কসমেটিকস, প্যান্ট পিস ও পাপড় পাওয়া যায়। চোরাকারবারি জহুরুল বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। তবে জহুরুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হবে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, নদী আর চরবেষ্টিত সীমান্ত সংলগ্ন নারায়ণপুর ইউনিয়ন একটি দুর্গম এলাকা। চোরাকারবারিরা নারায়ণপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। এই সীমান্তের এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় চোরাকারবারিরা খুব সহজেই মাদক ও ভারতীয় পণ্য বাংলাদেশে আনতে পারে। চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)