কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ নারী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক কারবারের আস্তানায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এম আর সাইদের উপস্থিতিতে থানা পুলিশ বাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় পলিথিন ও স্কচটেপ মোড়ানো তিনটি প্যাকেটে ২০ কেজি গাঁজা এবং ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ওই নারী ও তার স্বামী গোলাম রব্বানী ওই বাড়ি ভাড়া নিয়ে মাদক চোরাচালানের আস্তানা গড়ে তোলেন। ভারতীয় সীমান্ত থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ওই বাড়িতে মজুত রাখতেন। পরে সুযোগ বুঝে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উপজেলায় প্রতিদিন মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)