বরকে মিষ্টি খাওয়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
নড়াইলে ভাতিজির বিয়ের অনুষ্ঠানের গেটে বরকে মিষ্টি মুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নকুল মল্লিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার মুশুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক (৫২) একই গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রীরা রাত আনুমানিক ৮টার দিকে বিয়েবাড়ির গেটে পৌঁছায়। এসময় জামাইকে বরণ করতে অন্যদের সঙ্গে গেটে যান নকুল মল্লিক। জামাইকে মিষ্টি মুখ করাতে গিয়ে অসাবধানতাবশত গেটের সাজসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল