নড়াইলে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
নড়াইলের কালিয়ায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও মৎস্যসম্পদ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রোববার (২৫ অক্টোবর) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর খেয়াঘাট থেকে মাধবপাশা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত এই অভিযানে কালিয়া থানা পুলিশ সহায়তা করে। অভিযান শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের উপস্থিতিতে জব্দ করা ১২টি অবৈধ কারেন্ট জাল (আনুমানিক ১৫ হাজার মিটার) বারইপাড়া ফেরিঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষায় এ ধরনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)