নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই কমিটিতে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র পাওয়া গেছে। পত্রে উল্লেখ করা হয়, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সহসভাপতি হিসেবে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)