মা বিড়াল হত্যায় মুচলেকা : ৬ মাস কুকুর-বিড়াল খাওয়াবেন দোকানি
বেকারি দোকানের খাবার খাওয়ার অপরাধে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগে দোকানির কাছ থেকে মুচলেকা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুচলেকার শর্ত অনুযায়ী, আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে হবে তাকে।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারের এ ঘটনায় বিচার চাইতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় প্রাণিপ্রেমী যুবক মেহেদী হাসান ইমু।
অভিযুক্ত দোকানির নাম সারোয়ার হোসেন। তিনি বলগাড়ি বাজারের একজন বেকারি ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে দোকানে বিড়ালের প্রবেশ ঠেকাতে চিকন দড়ি দিয়ে ফাঁদ পাতেন সারোয়ার। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে দোকানে ঢুকে ফাঁদে আটকা পড়ে একটি মা বিড়াল। পরে দোকানের সামনে গলায় দড়ি পেঁচানো অবস্থায় বিড়ালটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।
প্রাণিপ্রেমী মেহেদী হাসান ইমু বলেন, বিড়ালটি দোকান থেকে কয়েকটি বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। কিন্তু খাবার খাওয়ার কারণে একটি প্রাণীকে ফাঁদ পেতে হত্যার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তাই ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।
দোকানি সারোয়ার হোসেন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, প্রায় প্রতিরাতেই বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে তিনি মুচলেকা দেন।
ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর বিচারপ্রার্থী যুবক ও অভিযুক্ত দোকানিকে কার্যালয়ে ডাকা হয়। দোকানি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন আরও বলেন, আগামী ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার শর্তে দোকানির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

জাহিদুল ইসলাম, হিলি