সিলেটে ছিনতাই হওয়া কোরবানির ৩ গরু রাজধানীর মাংসের দোকান থেকে উদ্ধার
কোরবানির ঈদকে সামনে রেখে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। রাজধানীর বংশাল থানা-পুলিশের তৎপরতায় অবশেষে উদ্ধার হয়েছে গরু তিনটি। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ রোববার (২৪ মে) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এন এম নাসিরুদ্দিন বলেন, গত বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টি দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ওই দিন মধ্যরাত ৩টার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর এ বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানাধীন আগাসাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালায় বংশাল থানা। অভিযানে ছিনতাইকৃত তিনটি গরু উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। কোরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

নিজস্ব প্রতিবেদক