অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে নিজ এলাকা সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরে নিয়ে আসা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে তাকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।

সজল ছত্রী, সিলেট