জঙ্গল সলিমপুরে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল সমাজ এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে নূরু উল্লাহ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল সমাজের বেবি আক্তারের গলি এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত নূরু উল্লাহ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ সপরিবারে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযুক্ত ছেলের নাম আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে বাবা নূরু উল্লাহর বুকে আঘাত করে। এতে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুল্লাহ এলাকা থেকে পালিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনূল ইসলাম জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল্লাহ পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)