সোর্সের যোগসাজশে ইয়াবা লুট : এসআইসহ ৩ পুলিশ ক্লোজড
চট্টগ্রামের সাতকানিয়ায় সোর্সের যোগসাজশে একটি মিনি ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা লুটের অভিযোগে পুলিশের তিন সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তারা হলেন সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম এবং কনস্টেবল মোহাম্মদ ফয়েজ ও কাজী মহসিন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম তাদের ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২৪ অক্টোবর রাতে লোহাগাড়া-কেয়াজুপাড়া সড়কের এমচর হাটের অদূরে আব্দুর রাজ্জাক সওদাগরের দোকানের সামনে একটি মিনি ট্রাক আটকের পর ৩০ হাজার পিস ইয়াবা সরিয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে পুলিশের জ্যাকেট পরা কয়েকজন একটি নোয়াগাড়ি ও মোটরসাইকেলে এসে মিনি ট্রাকটি আটক করেন। পরে সেটি কেরানিহাটের দিকে নিয়ে যাওয়া হয়।
মিনি ট্রাকের চালক নাসিরের অভিযোগ, লোহাগাড়ার পুটিবিলা এলাকায় গাড়িটি আটকে তাকে হাতকড়া পরানো হয়। পরে গাড়িতে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা সরিয়ে নেওয়া হয়। পরে তাকে গাড়িসহ এসআই মাহবুবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কনস্টেবল মোহাম্মদ ফয়েজ ও কাজী মহসিন জড়িত বলে দাবি করেন তিনি।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম