দুর্গম পাহাড়ি পল্লীবাসীর যাতায়াতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব এবং আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় জনগণের জন্য একটি চাঁদের গাড়ি (জিপ) দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা ৩৬ জোন। ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামের এই গাড়িটি ব্যবহারের ফলে দুর্গম এলাকার ১৪টি পাড়ার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহণ ও জরুরি রোগী পরিবহণে নতুন সুযোগ সৃষ্টি হবে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে মুননুয়ামপাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের হাতে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, (অধিনায়ক, ৩৬ বীর)।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুননুয়ামপাড়া, আরথাহপাড়া, বাসাত্লং পাড়া ও হ্যাপিহিলপাড়াসহ আশপাশের দুর্গম পাহাড়ি জনপদের বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিল। এসব এলাকায় বসবাসরত বম জনগোষ্ঠীর পাশাপাশি মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহণ ও বাজারজাতকরণ এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণে যানবাহনের সংকট ছিল অন্যতম বড় প্রতিবন্ধকতা। বিশেষ করে রুমা-মুননুয়ামপাড়া সড়কে আগে নিয়মিত কোনো যানবাহন চলাচল না করায় স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহণ, বাজারে যাতায়াত ও অসুস্থ রোগীদের চিকিৎসাকেন্দ্রে নিতে হতো। এতে দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল পাড়াবাসীকে।
এ অবস্থায় দুর্গম পাহাড়ি জনপদের মানুষের সমস্যা সমাধান ও জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মুননুয়ামপাড়া পরিদর্শনকালে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় রুমা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামে গাড়িটি দেওয়া হয়।
গাড়িটি মূলত মুননুয়ামপাড়া, আরথাহপাড়া, হ্যাপিহিলপাড়া ও বাসাত্লংপাড়ার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহণে ব্যবহৃত হবে। পাশাপাশি আশপাশের আরও ১০টি পাড়ার বাসিন্দারাও প্রয়োজন অনুযায়ী এ পরিবহণ সুবিধা নিতে পারবে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে অসুস্থ রোগীদের দ্রুত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ সহজ হওয়ায় স্থানীয় মানুষের আর্থিক সাশ্রয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
গাড়িটির সুষ্ঠু পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে গাড়িটির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকি করা হবে, যাতে সংশ্লিষ্ট ১৪টি পাড়ার মানুষ দীর্ঘমেয়াদে এ সুবিধা ভোগ করতে পারে।
এসব পাড়াবাসী জানায়, সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হবে। এমন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও রুমা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান